মৃত্যুর আগে-
আমারা এখনো যে বেঁচে আছি, বিশ্বাস হচ্ছে না। আমরা বেঁচে থাকতে পারি না। এরকম ঝড়ের কবলে পড়ার পর বেঁচে থাকা অসম্ভব। কিন্তু আমরা বেঁচে আছি। এটাই সত্য; তারপরও বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। আমি পিছনে তাকালাম, মহিলাদের কান্না থেমে গেছে। সবাই বুক ভরে নিশ্বাস নিচ্ছে। ছোট বাচ্ছাগুলো এখনো কাঁদছে। প্রচুর বাতাস বইছে এখনো। তবে আগের মতো না। আমি নিথর পাথরের মতো দরজার পাশে দাঁড়িয়ে আছি। কেউ একজন ডাকছে,
“এই যে ভাই, ঝড় থেমে গেছে। নিজ জায়গায় বসে পড়ুন।”
আমি লোকটির দিকে তাকিয়ে রইলাম। লোকটি কাকে যেন ফোন করছে।
লঞ্চ চালকের ডাক শুনা যাচ্ছে,
“সবাই তৈরি হয়ে যান, লঞ্চ এখনি ছেড়ে দেয়া হবে।”
আমি নিজের জায়গায় এসে বসলাম। সিটটা পুরো ভিজে গেছে। ঠাণ্ডায় কাঁপছি। ভেজা সিটে বসার প্রশ্নই আসে না। তবুও সিটের উপর হাত দিয়ে তার উপর বসে গেলাম। পুরো এক ঘণ্টা দাঁড়িয়ে ছিলাম। ভয়ে কলিজা ছিঁড়ে যাচ্ছিল। এখন বসে রিলাক্স করাটা ভীষণ প্রয়োজন।
লঞ্চ ছেড়ে দিয়েছে। বাতাস এখনো পুরো থামেনি। আমার ভিতরে আবার ভয় জাগতে শুরু করল। চোখ বন্ধ করে বিভিন্ন কল্পনা-জল্পনা করতে লাগলাম। লঞ্চের হুঁইসেল বাজছে। আমি কান চেপে ধরলাম। আমার এখন ঘুমানো দরকার।
রাত এগারোটায় ঘর থেকে বেড়িয়েছিলাম। আকাশে তখন কিছু সাজ ছিল। কয়েকটি তারা আর চাঁদের আলোয় সেই সাজকে গণ্য করিনি। লঞ্চে উঠার ১৫-২০মিনিটের মধ্যেই বৃষ্টি শুরু হয়। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, হালকা বাতাস। এরকম বৃষ্টির মাঝে অসংখ্যবার সফর করেছি।
লঞ্চ নিজ গতিতে চলতে থাকল। আমি সিটে বসে ফোন চালাতে লাগলাম। প্রায় এক ঘণ্টা পর–তখন আনুমানিক একটা বাজে–প্রবল বৃষ্টি শুরু হয়, সাথে দমকা হাওয়া। তার আধা ঘণ্টা পর হঠাৎ লঞ্চ দুলতে শুরু করে। বাতাসের বেগ বাড়তে থাকে, নদী রাক্ষুসে রুপ নেয়, বড় বড় ঢেউ উঠতে থাকে। লঞ্চ একবার এদিকে হেলে তো আরেকবার ওদিকে। বাতাস আরও বাড়ে। বেশি দুলতে থাকে। আস্তে আস্তে বাড়তে থাকে মহিলাদের চিৎকার-চেঁচামেচি। একেকবার বাতাস এমন ধাক্কা দেয়, মনে হয় কাঁচ ভেদ করে বৃষ্টি ভিতরে ঢুকে যাবে।
যত সময় যাচ্ছে অবস্থা ততই বেগতিক হচ্ছে। মহিলাদের কান্নার আওয়াজে লঞ্চ ভারী হয়ে উঠেছে। সবাই জোরে জোরে আল্লাহকে ডাকতে শুরু করে। আমি” লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনায যালিমিন”পড়তে শুরু করি। আমার পশের লোকটি ফোন করে বাড়িতে সংবাদ দেয়। আমারও বাড়িতে ফোন দেওয়ার কথা মনে পড়ে। ফোন বের করে আব্বার নাম্বার ডায়ালে খুঁজতে থাকি, নান্বার পেয়ে ফোন ঢুকার আগেই আবার রেখে দিই।
মৃত্যুর আগে তাদের ঘুম ভাঙিয়ে কষ্ট দেয়ার কোন মানে হয় না। বেঁচে থাকলে পরে ফোন দিয়ে জনিয়ে দেব। আর যদি মারা যাই, তাহলে মানুষের মুখ থেকে শুনতে পারবে,
“অমুক লঞ্চ ডুবে এতজন যাত্রী মারা গেছে।”
আজ রাতটা অন্তত ঘুমিয়ে কাটাক তারা। আমার মৃত্যু পর কতদিন তারা ঘুমাতে পারবে কিনা কে জানে!
আমি ফোনটা পকেটে রেখে সবার সাথে তাল মিলিয়ে আল্লাহকে ডাকতে লাগলাম। বাতাসের গতি আরও বাড়তে লাগল। লঞ্চ যে ডুবে যাবে এতে কোন সন্দেহ রইল না।
চালক এক পাড়ে নিয়ে লঞ্চ নোঙর করল। জানালার কাচের ফাঁক দিয়ে বৃষ্টির ফোঁটা এসে আমাদের ভিজিয়ে দিতে থাকে। বাতাস, বৃষ্টির পানি, সব মিলিয়ে ঠাণ্ডায় হাড় কাঁপানো অবস্থা। এদিকে ভয়ে মাথা দিয়ে ঘাম ঝরছে।
আমার আম্মার কথা খুব মনে পড়তে লাগল। আমি ফোন বের করি, কিন্তু ফোন না করে আবার পকেটে রেখে দেই। তারপর অনেক্ষণ নিরবে কাঁদলাম।
সময়ের সাথে সাথে বাতাস আরও বাড়তে থাকে। মহিলাদের কান্না, পুরুষদের চিৎকার এবং লঞ্চের দোলন চরম পর্যায়ে উঠে। আমি দরজায় পিঠ দিয়ে দাঁড়িয়ে কাঁদতে থাকি। আমার ছোট বোন, ভাইয়া, আম্মা এবং আব্বা, সবার চেহারা চোখের সামনে ভেসে বেড়ায়। বাড়তে থাকে আমার বাঁচার ইচ্ছে। আম্মার সাথে একটু কথা বলার ইচ্ছেটা আরও তীব্র হয়। চোখ দিয়ে পানি বেরোয়। সেই পানি গড়িয়ে কাঁপড়ে পড়ে। আমি মূর্তির মতো দাঁড়িয়ে থাকি।
এভাবে কতক্ষণ সময় কাটে আমি বুঝতে পারি না। দেড় ঘণ্টা পর ঝড় থামে। আমরা নতুন জীবন ফিরে পাই। আমি বিস্ময়ভরা চোখে চারপাশ দেখতে থাকি। আমার বিশ্বাস করতে কষ্ট হয়—আমরা এখনো বেঁচে আছি।
মাহফুজ সাইফ
পাঠকের ভালোবাসাই নবীনের শক্তি। এক কাপ চায়ের দামে আমাদের পাশে থাকতে পারেন



