১৩ জুলাই ২০২৫
দুঃখের মহাজন
লেখার সাইজ

দুঃখের মহাজন

‎দুঃখেরও থাকে হিসেবের খাতা,
স্মৃতির খাঁচায় জমে ব্যথার পাতা।
আমি সেই নিঃশব্দ মহাজন,
যার গুদামে কেবল বিষাদের পণ্য-
নিরবে স্তূপ হয়,
বিকোয় না কোনোদিন।

‎প্রতিদিন কেউ আসে,
ফেলে যায় এক ভাঙা স্বপ্ন,
একটা হলুদ হয়ে যাওয়া চিঠি,
অপেক্ষার গন্ধ,
বা একজোড়া নিঃশ্বাস-
যা আর ফেরে না।

এখানে জমে শুধু দুঃখ,
দু’হাতে, দু’চোখে, দু’হৃদয়ে।
তবু কেউ কিনে না-
দুঃখ তো কারো প্রিয় পণ্য নয়।

‎এই বাজারে সবাই সুখের খোঁজে আসে,
আমার দোকানের দরজায়
তাদের দৃষ্টি পড়ে না।
তারা জানে না-
আমার শেলফে আছে
নিঃশব্দ কান্নার সেরা সংগ্রহ।

‎আমি দুঃখের মহাজন-
নিঃস্ব, নিঃসঙ্গ, অবিক্রিত।
কারণ দুঃখ নিয়ে কেউ বাঁচে না,
‎তারা রেখে যায় শুধু,
আমার মতো কাউকে।

রাসেল মাহমুদ

পাঠকের ভালোবাসাই নবীনের শক্তি। এক কাপ চায়ের দামে আমাদের পাশে থাকতে পারেন

নবীন ম্যাগাজিন-এ প্রকাশিত কোনো লেখা, ছবি লেখক অথবা কর্তৃপক্ষের যথাযথ অনুমতি ছাড়া কোথাও প্রকাশ অথবা প্রতিলিপি করা অবৈধ।

মন্তব্য লিখুন

ধন্যবাদ। নাম ও মতামত লিখুন। পর্যালোচনার পর অল্প সময়ের মধ্যেই মন্তব্যটি প্রকাশিত হবে।