স্মৃতিগদ্য
মানুষের জীবন একটাই। ছোট্ট এই জীবনের শুরু কোথা থেকে, শেষ কোথায়—তা কেউ জানে না। অথচ এই ক্ষণস্থায়ী জীবনটাকেই ঘিরে গড়ে ওঠে হাজারো স্মৃতি। কিছু স্মৃতি হৃদয়ের গভীরে সজীব হয়ে থাকে আজীবন, আর কিছু হারিয়ে যায় কালের সাথে সাথে।
আমার মাদ্রাসা জীবনটাও সেই স্মৃতিগন্ধের এক গুরুত্বপূর্ণ অংশ। ওখানে থাকা হয় না চিরকাল, ফিরতে হয়—কখনো কাছাকাছি, কখনো বহু দূরে। রয়ে যায় শুধু ভালোবাসার এক অদৃশ্য ছায়া। সেই ছায়ার মাঝেই বারবার জেগে ওঠে এক স্মৃতিময় গন্ধ, যা হারিয়ে যায় না কখনো।
জীবনের এক ধোঁয়াশাচ্ছন্ন সময়—ঢাকায় কাটানো সেই দিনগুলো আজও ভুলতে পারি না।
রাতের নীরবতায়, একাকিত্বে চোখ বন্ধ করলেই ভেসে ওঠে প্রাণপ্রিয় প্রতিষ্ঠান “জামিয়াতু ইব্রাহিম”-এর ছায়াছবি। মনে পড়ে শ্রদ্ধেয় ওস্তাদদের মমতাময় আচরণ, আর প্রিয় বন্ধুদের সঙ্গে কাটানো রঙিন মুহূর্তগুলো।
হুজুরদের শাসন ছিল কড়া। রুম থেকে বের হলেই ধরা পড়ার ভয়। তখনকার সার্বক্ষণিক চিন্তা ছিল—“কীভাবে ধরা না পড়ে বাইরে বের হওয়া যায়?” একটা উপায় ছিল অবশ্য—বারান্দায় দাঁড়িয়ে দূর থেকে দেখে নেওয়া কেউ আছে কিনা, তারপর বিল্ডিংয়ের পাশ কাটিয়ে এক দৌড়। হঠাৎ কেউ দেখে ফেললে? চোখ নিচু করে ‘ভালো ছেলে’ সেজে রুমে ফেরা। কখনো আবার রাস্তা ধরে ব্যস্ত ভঙ্গিতে দৌড়ে যাওয়া।
নামাজের সময় ছিল যেন এক লুকোচুরি খেলা। দশ মিনিট আগে মসজিদে না গেলে গেটে দাঁড়িয়ে বেত খাওয়ার ভয়। ভাগ্যক্রমে কেউ বেঁচে যেত, কেউ আবার ঠিকই ধরা পড়ে যেত। আর ধরা পড়লেই হাতের তালু লাল—বেতের আঘাতে।
হাউজের পাশের বাগানের এক কোণে লুকিয়ে থাকত আমাদের দুষ্ট দলের সদস্যরা। নজরদারি করাই ছিল তাদের প্রধান কাজ—হুজুরদের গতিবিধি দেখছে, কবে নামাজ শুরু হবে তার জন্য অপেক্ষা। তারপর টুপি হাতে, লুঙ্গি একটু তুলে নিয়ে এক দৌড়ে মসজিদে! এখন আর কোনভয় নেই।
বন্ধুদের কথাও খুব মনে পড়ে। সিয়াম, ফাহমুদ, মুহিবুল্লাহ—আরো অনেকে।
সিয়াম—তার কাজই ছিল সবাইকে হাসানো। গজল, কৌতুক, মঞ্চ উপস্থাপনা—এসব ছাড়া যেন তার দিনই কাটত না। মন খারাপ থাকলেও তার কাছে গেলে মুখে এক চিলতে হাসি ঠিকই ফুটে উঠত।
ওমর, হামজা—তারাও ছিল সিয়ামের সঙ্গী। সিয়ামের মাঝে মাঝে কবিতা আর উপন্যাস নিয়েও মগ্নতা ছিল।
আর ছিল ফাহমুদ।
মুখে সারাক্ষণ এক দুষ্টু হাসি। গরমের রাতে ছাদে বসে তার গল্পে মেতে উঠতাম সবাই। যেন গল্প নয়, একটা বিশাল উপন্যাসের পাতা উল্টোচ্ছি আমরা। শিক্ষা, সমাজ আর সাহিত্য—সবকিছু নিয়েই ছিল তার গভীর ভাবনা।
শুক্রবার সকালে শিশিরভেজা মাঠে ব্যাট হাতে আমি, আর ঠিক তখনই হাজির ফাহমুদ—দেখিয়ে দিত কিভাবে খেলতে হয়।
পড়া বুঝে না এলে মুহিবুল্লাহর কাছে গেলে সে যেন পানির মতো বুঝিয়ে দিত।আজ খুব করে মিস করি তাকে।
ওহহো! দোস্ত বলে ডাকা আবরারের কথা তো বলাই হলনা।গ্রুপ স্টাডির ফাঁকে হুট করে “আজ পার্টি হবে” বলেই জমিয়ে ফেলতো আড্ডা।আর ‘মুড়ি মাখানোর’ পুরো দায়িত্বটাও যেন চেপে বসতো আবরারের কাঁধে।
ঢাকা ছেড়ে চলে আসার বেলায় সে বলছিলো—“দোস্ত, আমাদের কি ছেড়ে চলে যাবি? থেকে যা না! আর দুইটা বছরই তো বাকি—” এই কথাটা আজও কানে বাজে।
আজ আর কেউ নেই যার সাথে পড়ায় প্রতিযোগিতা হবে, মাঠে খেলতে যাবো বা ছাদে বসে গল্পে হারিয়ে যাবো।
সবই যেন আজ স্মৃতি হয়ে গেছে। কিছু স্মৃতি ছায়ার মতো মিশে আছে জীবনের রংধনুতে, কিছু স্মৃতি আজও গন্ধ ছড়ায় নীরব রাতে।
হ্যাঁ, এই গন্ধটাই থাকবে, আপন হয়ে— আর স্মৃতি হয়ে থাকবে আজীবন।
—আশরাফ ফাহিম, মোমেনশাহী।
শিক্ষার্থী, হাটহাজারী আরবী বিশ্ববিদ্যালয়।
পাঠকের ভালোবাসাই নবীনের শক্তি। এক কাপ চায়ের দামে আমাদের পাশে থাকতে পারেন


