আমরা কি সত্যিই স্বাধীন…?
এই তো কিছুদিন হলো, এইচএসসি পরীক্ষা শেষ করল নোমান। দুই বোন, বাবা–মা মিলে ছোট্ট একটি সুখের পরিবার। পরিবারের একমাত্র আয়ের উৎস তার বাবা। গ্রামে ছোট্ট একটি মুদি দোকান আর দু’টি চাষের পুকুরই তাদের জীবনের ভরসা। সেখান থেকে যা আসে, তা দিয়েই চলে তাদের দিন—আসে রাত।
নোমান পরিবারে একমাত্র ছেলে। বাবা অসুস্থ, সংসারের দায়িত্ব কিছুটা নিজের কাঁধেই এসে পড়েছে।
তার বাবাও অসুস্থ—চোখেমুখে ক্লান্তির ছাপ।
এইসব কারণে ছোট বয়সেই অনেক কিছু বুঝে গেছে সে।
পড়ালেখা, সংসারের খোঁজ, বাবা–মায়ের যন্ত্রণার বোঝা—সব যেন তারই উপর।
কয়েকদিন আগের ঘটনা। সেদিন তার ডেলিভারির কাজ দ্রুত শেষ হয়ে যায়। যেহেতু অর্ডার আগে থেকেই করা ছিল, তাই ভাবল—এই সুযোগে একটু ঘুরে আসি, মনটাও ফ্রেশ হবে। কিন্তু ফিরতে ফিরতে রাত ৯টা পেরিয়ে যায়, হয়তো দশটা। কিছুটা ক্ষুধা লাগায় রাস্তার পাশের একটি দোকানে থামে সে। আশপাশে অন্ধকার, ল্যাম্পপোস্টগুলোও যেন নিভু নিভু আলো দিচ্ছে।
এগিয়ে গেল পাশের একটি দোকানের দিকে। দূরে দাঁড়িয়ে থাকা তিনজন তরুণ চোখে পড়ে। ভেবেছিল, কিছুই না, শুধু দাঁড়িয়ে আছে।
কিন্তু হঠাৎই পেছন থেকে ডাক আসে—
“এই যে ভাই! একটু আসবেন?”
এক মুহূর্ত দাঁড়িয়ে থাকে নোমান। রাত তখন গভীর, চারপাশটা থমথমে। বাতাসে যেন অদ্ভুত এক নিস্তব্ধতা। বুকের ভেতর অজানা ভয় দানা বাঁধে, তবু সাহস করে এগিয়ে যায় সে।
কিন্তু কে জানতো, অন্ধকারেই লুকিয়ে আছে তার জীবনের এক বিভীষিকাময় মুহুর্ত?
তিনজন যুবকের সামনে গিয়ে দাঁড়াতেই পেছন থেকে কারো হাত তার কাঁধে। ঘাড় ঘুরিয়ে তাকাতেই নাকে-মুখে চেপে ধরা হয় একটি রুমাল। নিমিষেই অজ্ঞান হয়ে পড়ে নোমান।
…
জ্ঞান ফিরে আসে ঘণ্টাখানেক পর। নিজেকে আবিষ্কার করে এক অচেনা ঘরে—রশি দিয়ে বাঁধা। চারপাশে ভয়াল পরিবেশ, ক্লান্ত দেহে কী করবে বুঝে উঠতে পারছে না।
তার সামনে আধো-আলোয় দেখা যায় এক লোমহর্ষক চেহারার লোক ইজি চেয়ারে হেলান দিয়ে বসে আছে। আশেপাশে দাঁড়িয়ে কয়েকজন। হঠাৎ একজন বলে ওঠে,
“ওই, তোর বাপরে কল দে। এক লাখ টাকা পাঠাইতে বল—এখনই। না হলে…”
নোমানের বুকের ভেতর ধ্বসে পড়ে সব স্বপ্ন। তার পরিবার, বাবার অবস্থা—সব চোখের সামনে ভেসে ওঠে। সে কাঁপা কণ্ঠে বলে,
“আমার আব্বা অসুস্থ। কোথা থেকে এত টাকা আনবে তিনি?”
তার কথা শেষ হতেই পাশের লোকটি লাঠি হাতে তার শরীরে সজোরে আঘাত করে। এমনকি মুখেও–এতে তার একটি দাঁত পড়ে যায়। সে অসহায়। ভয়ে কাঁপতে কাঁপতে নম্বর বলে দেয়।
রাতের নীরবতায় বেজে ওঠে ফোন। ওদিকে বাবা-মা তখনও ঘুমে। ফোনের আওয়াজে জেগে ওঠেন তার বাবা। অপরিচিত নাম্বার দেখে কৌতূহলে রিসিভ করেন।
“আব্বা, এক লাখ টাকা লাগবে। এখনই। না হলে…”
“না হইলে কী? কী হইছে তোর?”
“যদি টাকা না পাঠান, ছেলেকে জবাই কইরা ফেলবো!” – অচেনা কণ্ঠে হুমকি।
নোমানের বাবার সামনে যেন আকাশ ভেঙে পড়ে। কিন্তু তিনি স্থির থাকেন। বলেন,
“আমার পোলাডারে কিছু কইরেন না, আমি টাকা পাঠাইতাছি।”
মুহূর্তেই ছুটে যান আশপাশের মানুষজনের কাছে। পাঁচ হাজার, দশ হাজার করে সংগ্রহ করেন পঞ্চাশ হাজার। ভাইয়ের কাছ থেকে আনেন আরও ত্রিশ হাজার। শেষমেশ আশি হাজার টাকা পাঠিয়ে দেন দেওয়া নাম্বারে।
টাকা পেয়ে সন্তুষ্ট হয় অপহরণকারীরা। নোমানকে ছেড়ে দেয় তারা। তার বাঁধা খুলে দেওয়া হয়। হাঁটতে পারছিল না সে, পেটে প্রচণ্ড ক্ষুধা, শরীরে ব্যথা। তবুও বেঁচে গেছে সে—এই বিশ্বাসেই বুকে জোর পায়।
একজন তাকে ফোনটি ও কিছু টাকা হাতে দিয়ে সিএনজিতে তুলে দেয়।
রাতের আকাশ তখন পরিপূর্ণ তারা ভরা। সিএনজির ফাঁক দিয়ে আকাশের দিকে তাকিয়ে নোমান ভাবে—
“আজ যেন নতুন করে জীবন ফিরে পেলাম।”
মনে মনে কৃতজ্ঞতা প্রকাশ করে আল্লাহর কাছে। প্রার্থনা করে—
“আব্বা-আম্মার সেবা যেন আজীবন করতে পারি।”
রাত দুইটার দিকে সে পৌঁছে যায় নিজের গন্তব্যে—ভাঙা স্বপ্ন আর বেঁচে ফেরার গল্প নিয়ে।
এই দেশ, এই সমাজে–
আমরা কি সত্যিই স্বাধীন?
_আশরাফ ফাহিম
শিক্ষার্থী, হাটহাজারী আরবী বিশ্ববিদ্যালয়।
পাঠকের ভালোবাসাই নবীনের শক্তি। এক কাপ চায়ের দামে আমাদের পাশে থাকতে পারেন






