অশ্রুতে লেখা চিঠি
রাত দশটা।
বাইরে টিপটিপ বৃষ্টি। জানালার কাঁচে জমে থাকা জলের ফোঁটাগুলো ঠিক যেন কারও দৃষ্টির আড়ালে গোপন কান্নার সাক্ষ্য বহন করে। একটি ছোট্ট ঘর—নিঃস্তব্ধ, অন্ধকারাচ্ছন্ন, দেওয়ালে ম্লান আলোয়ের ছায়া। ঘরের কোণে বসে আছে ফাহমুদ, একটি পুরনো কাঠের চেয়ারে হেলান দিয়ে।
তার সামনে খোলা ল্যাপটপ। আঙুলগুলো কিবোর্ডের ওপর স্থির।চোখ লাল, ক্লান্ত, এবং জলেভেজা।
মনটা যেন অজানা শূন্যতায় ডুবে আছে। বুকে জমানো হাজারটা না-বলা কথা, অপূর্ণতা আর একটানা হাহাকার তার ভিতর গর্জে উঠছে। সে লিখতে শুরু করে,
“কিবোর্ড চেপে তোমারে লিখতেছি চোখভর্তি অশ্রু নিয়ে…”
চিঠির শুরু হয় এখানে। কিন্তু আসলে গল্পটা শুরু হয়েছিল অনেক আগে—একটি ফেব্রুয়ারির বইমেলায়।
প্রথম দেখা,
বইমেলার দিন ছিল সেটি—সন্ধ্যা ঘনিয়ে আসছিল। শহরের প্রাণকেন্দ্রে রমনার মাঠ জুড়ে সাজানো নানা স্টল। প্রতিটি অলিতে গন্ধ মিশে আছে নতুন পুরনো বইয়ের, আর শোনা যাচ্ছে পাতা ওল্টানোর শব্দ।
ফাহমুদ একটি পুরনো কবিতার বই খুঁজছিল। হঠাৎ পিছন থেকে এক ধাক্কা। সে ঘুরে দাঁড়িয়ে চোখ রাখে এক অচেনা মুখে—একজোড়া গভীর চোখ, যেখানে মায়া আর বিস্ময় পাশাপাশি দাঁড়িয়ে।
“সরি… আমি… ধাক্কা লেগে গেল বুঝি?”
“না না, কিছু না। আমি-ই দাঁড়িয়ে ছিলাম খেয়াল না করে,” বলল ফাহমুদ।
মেয়েটি হেসে বলল, “আমি নুহাইরা। আপনি কবিতা পড়েন?”
মাত্র কয়েক সেকেন্ডের আলাপ, কিন্তু তাতে সময়ের সীমা ভেঙে গেল। মনে হলো যেন বহু পূর্বের চেনাজানা।
গল্পের শুরু
পরের সপ্তাহে আবার দেখা। সেই একই স্টলে।
এরপর আর কাকতালীয় নয়—দুজনেই খুঁজে নিত একে অপরকে। কখনো বইয়ের ভিড়ে, কখনো মেলার এক কোণে বসে গল্পের ভেতর হারিয়ে যেত।
একদিন বৃষ্টি নামা দুপুরে চায়ের কাপে ধোঁয়া উঠতে উঠতেই দুজনের ভেতরের ভিজে নামটি জেগে উঠলো—ভালোবাসা।
নুহাইরা ছিল ঝরনার মতো—অলস, স্বচ্ছ, প্রাণবন্ত।
আর ফাহমুদ ছিল এক গভীর নদীর মতো—নীরব, ভরপুর, শান্ত অথচ প্রবল।
সন্ধ্যার আগে নুহাইরা বলত, “তুমি জানো, তোমার চুপচাপ থাকাটাও একটা শব্দ। আমার সবচেয়ে প্রিয় শব্দ।”
ফাহমুদ মৃদু হেসে বলত, “তোমার নীরবতাই আমার সবচেয়ে নির্ভরতা।”
তারা কবিতা পড়ত, স্বপ্ন আঁকত, ভবিষ্যতের কল্পনায় ঘর সাজাত।
তাদের দিনগুলো যেন কোনো কবির হাতে লেখা ছন্দপতনের আগের কথা।
ভাঙনের প্রতিধ্বনি,
কিন্তু ভালোবাসার গল্পগুলো সবসময় কবিতার মতো নিপুণ হয় না।
সময় যত এগোতে থাকে, সমাজের দেওয়াল যেন আরেকটু করে কাছে আসে।
নুহাইরার পরিবার, ধর্মীয় বিধি, সমাজের অনুচ্চারিত আইন—সব কিছু মিলে তৈরি হয় এক অদৃশ্য কারাগার।
একদিন নুহাইরা বলে,
“তোমারে ভালোবাসি, ফাহমুদ। তবে ভালোবাসা দিয়ে সব কিছু জেতা যায় না সবসময়। আমি পারি না…”
সে চোখ তুলে তাকায়। আর কিছু বলে না। শুধু চুপচাপ চোখে বলে দেয় বিদায়।
সেই ছিল তাদের শেষ দেখা।
চিঠির রাত,
আজ সেই দিনটার এক বছর পর। বৃষ্টি এখনো থামে না। স্মৃতি থেমে থাকেনি।
ফাহমুদ বসে আছে। চোখ দুটি লাল হয়ে আছে। সে জানে, এই রাতে আর ঘুম আসবে না।
সে লিখে,
“আমার আহত হৃদয়ের বিকট চিৎকার দেয়াল ছুঁয়ে আবার ফিরে আসে আমার কাছেই…
আমি ভালো নেই, নুহাইরা। সত্যি বলছি, এখন কিছুই ভালো লাগে না। দম বন্ধ হয়ে আসে…
তুমি জানো, এখনো কবিতার মধ্যে তোমারে খুঁজি, এখনো নীরবতা মানে তোমার মুখ।
তার চোখের জল গড়িয়ে পড়ে কিবোর্ডে। শেষে লিখে রাখে—আজ এখানেই রাখি…
শেষ কথার আগে,
চিঠিটা অসম্পূর্ণ। ঠিক যেমন হাজারো ভালোবাসা অসম্পূর্ণ রয়ে যায়।
নুহাইরা হয়তো আর কখনো এই চিঠি পাবে না।
হয়তো পেলে, তার চোখের কোণও একফোঁটা ভিজে উঠবে।
কিন্তু তাতে কী?
ভালোবাসা তো চিঠির মতোই—কারও কাছে পৌঁছায়, কারও কাছে থেমে যায়। কিন্তু লেখা থেকে যায়।
ভালোবাসা মানেই সবসময় একসাথে থাকা নয়, বরং দূরে থেকেও কারও মন জুড়ে স্থায়ীভাবে থেকে যাওয়া।
—ওয়ালী উল্লাহ আশরাফী
বারহাট্টা, নেত্রকোনা।
পাঠকের ভালোবাসাই নবীনের শক্তি। এক কাপ চায়ের দামে আমাদের পাশে থাকতে পারেন







